২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মানব কথা: দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অন্যদিকে হামের উপসর্গে প্রাণ হারিয়েছে আরও ৭০৮ শিশু। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৯৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯০৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং পরীক্ষায় আরও ১৩৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৮৪১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন শিশু।
ঢাকা ও সিলেটে সর্বাধিক মৃত্যু:
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে সর্বোচ্চ ৩৪৫ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। তাদের মধ্যে ৫২ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে এখন পর্যন্ত মোট ৩৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৯ জন এবং হামের উপসর্গে মারা গেছে ৩০৭ জন।
এ ছাড়া—
- সিলেট বিভাগে মোট মৃত্যু ১০৮ জন (নিশ্চিত হামে ৩ জন)
- রাজশাহী বিভাগে ৯২ জন (নিশ্চিত হামে ২ জন)
- ময়মনসিংহ বিভাগে ৬৯ জন (নিশ্চিত হামে ২ জন)
- চট্টগ্রাম বিভাগে ৬৬ জন (নিশ্চিত হামে ১০ জন)
- বরিশাল বিভাগে ৬২ জন (নিশ্চিত হামে ১৯ জন)
- খুলনা বিভাগে হামের উপসর্গে মৃত্যু ৩১ জন
- রংপুর বিভাগে হামের উপসর্গে মৃত্যু ৯ জন
স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।









