সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই, হৃদরোগে রাজধানীতে মৃত্যু

সময়: 10:41 am - July 22, 2026 |

মানব কথা:ঢাকায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু হেনা রাসেল দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ‘খবর সংযোগ’ পত্রিকায় কর্মরত ছিলেন। এর আগে সমকালসহ দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। রাজশাহী সদর তার জন্মস্থান হলেও দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর আরশিনগর এলাকায় বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য সহকর্মী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ক্র্যাবের শোক:

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়েছে, আবু হেনা রাসেলের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফিরদাউস নসিব করার পাশাপাশি পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি কামনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর