নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
মানব কথা:জেলার পোরশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)। স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর ১টার দিকে উপজেলার তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুতের লাইন নিয়ে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচ দিয়ে মাছ ধরার জন্য একটি মটর সেট করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওইস্থানে কেউ ছিল না। তবে স্থানীয়রা ধারণা করছেন মটরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে অন্যজন তাকে বাঁচাতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সূত্র : বাসস








