যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

সময়: 10:32 am - August 3, 2026 |

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে—এমন দাবিও সরাসরি নাকচ করেছে তেহরান। সোমবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ইসমাইল বাকেই বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা বৈঠকের পরিকল্পনা নেই। ওয়াশিংটনের কোনো প্রতিনিধি দলকে স্বাগত জানানো কিংবা ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল পাঠানোর বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, এ মুহূর্তে ইরানের কূটনৈতিক অগ্রাধিকার হচ্ছে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয় নিয়ে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এমন একটি সমাধানের পথ খুঁজছি, যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। এটি এমন একটি পথ হতে হবে, যা দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং একই সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করবে।” এর আগে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পরদিনই ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প আরও জানান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো উপসাগরীয় মিত্রদের অনুরোধেই তিনি ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন। তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় তিনি জানতে চেয়েছিলেন—সামরিক হামলা নাকি কূটনৈতিক সমঝোতা, কোনটি তারা বেশি সমর্থন করেন। জবাবে উপসাগরীয় দেশগুলো হামলার পরিবর্তে সমঝোতার পথেই এগোনোর পরামর্শ দেয়। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, উপসাগরীয় মিত্ররা মনে করেন, নতুন কোনো সামরিক অভিযান পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তাই কূটনৈতিক সমাধানই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর বিকল্প। তবে ইরানের সর্বশেষ অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা বৈঠক বর্তমানে এজেন্ডায় নেই। ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংলাপ নিয়ে তৈরি হওয়া জল্পনায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর