বিসিআইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. মো. মাহমুদুর রহমান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. মাহমুদুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে ড. মো. মাহমুদুর রহমানকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বিসিআইসি দেশের সার ও রাসায়নিক শিল্প খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। কৃষি উৎপাদনে ব্যবহৃত সার সরবরাহ, রাসায়নিক শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করে সংস্থাটি। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ড. মো. মাহমুদুর রহমান বিসিআইসির প্রশাসনিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থাপনা, শিল্প উন্নয়ন এবং সরকারি নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।









