ডকুমেন্টারি নিয়ে বিতর্ক: রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপি নেতারা
নিজস্ব প্রতিবেদক: জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিডিও ডকুমেন্টারিকে ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠান বয়কট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বক্তব্য দেওয়ার পর দলটির নেতারা সম্মেলন কেন্দ্র ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান বয়কটের কারণ ব্যাখ্যা করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, আন্দোলনের ৯ দফা এবং ১ দফা ঘোষণার বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে বলে তাদের অভিযোগ। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতির অভিযোগের কারণেই তারা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে সম্মেলনকক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হয়। ঘটনার পর পুরো অনুষ্ঠানজুড়ে উত্তেজনার আবহ বিরাজ করে। তবে আয়োজকরা নির্ধারিত কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।









