পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

সময়: 11:45 am - August 12, 2026 |

মানব কথা: এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। খসড়া সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মেধাক্রম ও শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, খসড়া সময়সূচিতে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। এটি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সে অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে। খসড়া সূচি অনুযায়ী, ১০ নভেম্বরের মধ্যে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। সারা দেশে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। তবে গত বছর এসব আসনের মাত্র ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। ফলে প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার আরও কম হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জিপিএ-৫ পেয়েও পছন্দের কলেজে ভর্তি অনিশ্চিত:

দেশে আসনসংখ্যা পর্যাপ্ত থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন—এমন নিশ্চয়তা নেই। কারণ, নামী ও তুলনামূলক ভালো কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। ফলে ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে মেধাক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থায় ভর্তি:

গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণের পর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের কলেজ নির্ধারণ করা হয়। এই ভর্তি পদ্ধতি কলেজ ও মাদ্রাসায় প্রযোজ্য। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পৃথক প্রক্রিয়ায় পরিচালিত হয়। ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে। তবে দেশের প্রায় সব কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরুর বিষয়টি বর্তমানে খসড়া সময়সূচির ভিত্তিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর