হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মানব কথা: দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যাও উদ্বেগ তৈরি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।









