এ বছরের মধ্যেই নবম পে-স্কেল: অর্থমন্ত্রী
মানব কথা: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চলতি বছরের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। সব বিষয় পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে বিচারকদের পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ বছরের মধ্যে হবে, সবই হবে। কিন্তু এখানে তো অনেকগুলো আলোচনার বিষয় আছে। আজকে আমরা একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য বিষয় নিয়েও আলোচনা চলছে। সব বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব।’
পে-স্কেল নিয়ে আলোচনা শেষ পর্যায়ে:
এর আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছিলেন, নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারের অঙ্গীকার রয়েছে। বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুত এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থসংস্থানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।
সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাব:
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বিপুল অর্থের প্রয়োজন হবে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর করতে সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে।
১২ বছর পর গঠন হয় নবম বেতন কমিশন:
২০১৩ সালে অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কমিশনের হিসাব অনুযায়ী, তাদের সুপারিশ বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মধ্যে অর্থমন্ত্রীর বক্তব্যের পর প্রত্যাশা আরও বেড়েছে। সরকারের পক্ষ থেকে চলতি বছরের মধ্যেই নবম পে-স্কেল ঘোষণার কথা জানানো হলেও এর চূড়ান্ত কাঠামো ও বাস্তবায়নের বিস্তারিত সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ।









