দেড় মাসের বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন জীম
মানব কথা: এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম আবারও ফিরেছেন অভিনয়ের চেনা ব্যস্ততায়। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে দূরে থাকার পর পরীক্ষা শেষ হতেই কাজে ফিরেছেন তিনি।জানা গেছে, চলতি আগস্ট মাসজুড়েই টানা শুটিংয়ের শিডিউল রয়েছে জীমের। একের পর এক নাটক ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।জীম জানান, পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্রামের সুযোগও পাননি তিনি। পরিচালকদের আগ্রহ এবং জমে থাকা চিত্রনাট্যের টানে দ্রুতই শুটিংয়ে ফিরতে হয়েছে তাকে। গত ৯ আগস্ট পরীক্ষা শেষ হয় তার। পরদিন ১০ আগস্ট থেকেই পুরোদমে শুটিং শুরু করেন এ অভিনেত্রী।চলতি আগস্ট মাসে জীমের ঝুলিতে রয়েছে একাধিক নাটকের কাজ। পুরো মাসেই তার কোনো ছুটি নেই। বিভিন্ন লোকেশনে দিন-রাত এক করে টানা শুটিং করতে হবে তাকে।
ভিন্ন চরিত্রে দেখা যাবে জীমকে
অভিনয়ে ফিরেই সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী।এরপর আরও একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি একটি ওভিসির কাজেও ব্যস্ত রয়েছেন। আগামীকাল থেকে নতুন আরেকটি নাটকের শুটিং শুরু করার কথা রয়েছে তার।জীম জানান, নতুন নাটকগুলোতে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। চরিত্রের বৈচিত্র্য এবং অভিনয়ের সুযোগ বিবেচনা করেই কাজগুলো করছেন তিনি।
দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান
অভিনয় ও পড়াশোনা দুটোই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান জীম। দীর্ঘ বিরতির পর কাজে ফিরে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।জীম বলেন, ‘পড়াশোনার জন্য দেড় মাস কাজে ফোকাস করতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়েই ফের কাজ শুরু করেছি। একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করছি। আশা করছি, একদিন সফল হবই।’নতুন কাজের মাধ্যমে দর্শকের কাছে আরও ভালোভাবে নিজেকে তুলে ধরতে চান এই অভিনেত্রী। এজন্য নিয়মিত পরিশ্রম করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।









