ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
মানব কথা: সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট (শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে। আসনটি শূন্য ঘোষণার পর সেখানে উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি মুদ্রণালয়ে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় অবিলম্বে প্রকাশের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণার ফলে এখন এ আসনে উপনির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচনের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।










