সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদদের অহংকার করা উচিত নয়: প্রতিমন্ত্রী
মানব কথা: সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ—তিনি যে কোনো সময় যেকোনো ব্যক্তিকে সম্মান দিতে পারেন, আবার চাইলে সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদেরই অহংকার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের প্রকৃত চর্চা ও বিকাশ ঘটেছে। বর্তমানে দেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী অহংকারহীন একজন সজ্জন রাজনীতিবিদ। তিনি অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।গণতন্ত্রের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন ও বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান
দুপুরে মোকামতলা উপজেলায় নবগঠিত বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে পরিচিতি সভায় যোগ দেন মীর শাহে আলম।সেখানে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি এ দেশের জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধির জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রচিন্তা দলের নেতাকর্মীদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা।তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শীর্ষ নেতাদের আদর্শ ধারণ করে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশকে এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দুপুর ১টায় মোকামতলা উপজেলার নবগঠিত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটির নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।









