৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত ২০-এর বেশি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাপানের আবহাওয়া সংস্থার (JMA) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। জাপানের ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা স্কেলে ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা এবং টোকিওর কিছু অংশে পাঁচের নিচে তীব্রতা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও ৭০ বছরের বেশি বয়সী এক নারী রয়েছেন। কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে। বেশ কিছু ট্রেন ধীরগতিতে চলাচল করে এবং তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে ভূমিকম্পের পর ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই এবং জনগণকে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনে একই ধরনের শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ভূমিকম্পটির কম্পন উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ দেশটির বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি









