তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

সময়: 12:23 pm - August 24, 2026 |

মানব কথা:বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ—সরকারের ঘোষিত তিন অগ্রাধিকার ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। সোমবার (২৪ আগস্ট) সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডে অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার চিত্র ফুটে উঠেছে। তার দাবি, এই সময়ে সরকার ২৯টি ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শুরুতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাস পর দেখা যাচ্ছে, এই তিন ক্ষেত্রেই সরকার কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘১৮০ দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের দেশ পরিচালনার কোনো ধরনের পরিকল্পনা নেই।’

মন্ত্রিসভা পুনর্গঠন নিয়েও প্রশ্ন:

সরকারের নীতিনির্ধারণী সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসার পর পুরোনো পরিকল্পনা ও নীতির পথেই সরকার দেশ পরিচালনা করছে। ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, সরকার শুরুতে নিজেদের পরিকল্পনা ও সক্ষমতার কথা বললেও এখন বিভিন্ন সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা খুঁজছে।

জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ে সমালোচনা:

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব সংকটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির যে প্রত্যাশা সরকার তৈরি করেছিল, তার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।

‘আরও ছয় মাস পর দায় এড়াতে পারবে না’

সরকারের কার্যক্রম মূল্যায়নে ছয় মাস যথেষ্ট কি না—এমন প্রশ্ন উঠতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এখন থেকে সরকারকে নিজেদের কর্মকাণ্ডের দায় নিতে হবে। আরও ছয় মাস পর আগের সরকার বা অন্তর্বর্তী সরকারের দায় দেখিয়ে বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সরকার যদি বিদ্যমান সংকটগুলোর সমাধান না করে এবং পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখে, তাহলে তাদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হবে।

২৯টি বিষয়ে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ:

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করছে দলটি। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ওষুধনীতি, সার, মানবাধিকার এবং ভূমি কমিশন আইনসহ বিভিন্ন বিষয়ে সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, এসব বিষয়ে সরকারের কার্যক্রম ও ব্যর্থতার চিত্র পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরবে এনসিপি।

Share Now

এই বিভাগের আরও খবর