এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন: প্রধান বিচারপতি

সময়: 7:03 am - August 29, 2026 |

মানব কথা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মামলার রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম ‘এআই গভর্নেন্স সামার স্কুল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়। এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন প্রয়োজন।’ তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যেন কোনোভাবেই মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রযুক্তির ব্যবহার হতে হবে মানুষের কল্যাণ ও অধিকার সুরক্ষার জন্য। জুবায়ের রহমান চৌধুরী বলেন, মানুষের জীবনকে সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে প্রযুক্তির সম্ভাবনার পাশাপাশি এর অপব্যবহারের ঝুঁকিও বিবেচনায় নেওয়া জরুরি। তিনি আরও বলেন, এআই দ্রুত মানুষের দৈনন্দিন জীবন ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন, নীতিমালা ও সচেতনতা তৈরি করা সময়ের দাবি।

Share Now

এই বিভাগের আরও খবর