আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে

সময়: 9:19 am - August 31, 2026 |

শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার : মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করা হয়। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৫ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

বিচারিক আদালতের রায়: ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন। উভয় আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন।

যেভাবে ঘটেছিল ঘটনা:

২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালেও নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ শিশু আছিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত শেষে প্রধান আসামি হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিচার শেষে হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে খালাস দেন বিচারিক আদালত। হাইকোর্টে শুনানি শেষে সোমবার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত এলো।

Share Now

এই বিভাগের আরও খবর