মিশরে বাস উল্টে নিহত ১৬, আহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) দাহাব-নুওয়াইবা সড়কে আল-সাদা এলাকার আগে নুওয়াইবার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।দুর্ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে প্রস্তুতির মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নিশ্চিত করার কথাও বলা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাধিক দল হাসপাতালে ভর্তি আহতদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে।দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি









