ঢাকেশ্বরী মন্দিরের জমি ফেরত দেবে বিএনপি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 8:15 am - September 3, 2026 |

মিজানুর রহমান :ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দখল হয়ে যাওয়া ওই জমি বিএনপি সরকার ফেরত দেওয়ার উদ্যোগ নেবে। পাশাপাশি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি সরকার দখল হওয়া জমি ফেরত দেবে। আর ধর্মীয় পরিচয়ে বৈষম্য করবে না সরকার।’ তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় আদর্শ অনুসরণ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করলে দেশ থেকে অশুভ শক্তির বিদায় হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Share Now

এই বিভাগের আরও খবর