নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল বাংলার মানুষ দেখতে চায় না: মামুনুল হক
মামুনুল হক বলেন, সরকারি চাকরি, পদায়ন ও পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দলীয়করণের অভিযোগ রয়েছে। এর ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে।বিগত সরকারের সময় পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর অংশে পরিণত হওয়া কাম্য নয়। তিনি বলেন, “আমরা চাই না আবার নতুন করে সেই সংস্কৃতি ফিরে আসুক। আমরা চাই না জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের পরে নতুন করে জাতীয়তাবাদী পুলিশ দল হোক। বাংলার মানুষ তা দেখতে চায় না।”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে গড়ে তুলতে হবে। কোনো রাজনৈতিক দল যাতে রাষ্ট্রের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।সমাবেশে সংবিধান সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন মামুনুল হক। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা তৈয়ব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









