হজের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ধর্মমন্ত্রীর

সময়: 10:19 am - September 6, 2026 |

তাহের মাহমুদ:
২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের জন্য সুখবর দিয়েছে সরকার। হজ ব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যয় মেটানোর পর সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ৪ হাজার ৩৪১ জন হাজির নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ও প্রশাসনিক ব্যয় শেষে যে অর্থ উদ্বৃত্ত রয়েছে, তা স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরত দেওয়া অর্থের পরিমাণ ভিন্ন হবে।

প্যাকেজ-১-এর হাজিরা যত টাকা পাবেন:

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা পাবেন। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে ফেরত পাবেন।

প্যাকেজ-২-এর হাজিরাদের ফেরত:

হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পাবেন। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন। ৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা করে ফেরত পাবেন। ৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন। অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

২০২৭ সালের বিমানভাড়াও কমছে:

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। তিনি আরও জানান, আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর