বিপিসিতে নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম

সময়: 6:41 am - September 7, 2026 |

মানব কথা:বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর বিপিসি পেল নিয়মিত চেয়ারম্যান। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ড. মো. রফিকুল ইসলামকে প্রেষণে বিপিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ চেয়ারম্যানের পদটি শূন্য থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর পাঁচ দিন পর, ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হলে আবারও বিপিসির চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে পাঁচ দিন পর, গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে বিপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার ড. মো. রফিকুল ইসলামকে নিয়মিত চেয়ারম্যান হিসেবে পদায়নের মধ্য দিয়ে বিপিসিতে দীর্ঘদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অধ্যায়ের অবসান হলো।

Share Now

এই বিভাগের আরও খবর