দুর্বৃত্তের গুলিতে ধলপুরে যুবক নিহত, আহত ১
মিজানুর রহমান:
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. সাগর খান ইমরান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ জাকারিয়া (৩৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাগর খান ইমরানকে মৃত ঘোষণা করেন। জাকারিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাগর খান ইমরানের স্ত্রী সোনিয়া খান জানান, রাত সাড়ে ১১টার দিকে ধলপুর এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তার স্বামীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, হামলাকারীরা সাগরকে উদ্দেশ করে বলছিল, ‘ইমরান, দৌড় দিস না, দৌড় দিলে গুলি করব।’ এরপর তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাগর ও জাকারিয়া গুলিবিদ্ধ হন। সোনিয়া খান জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। তার স্বামী ওই এলাকার হাকিম খানের ছেলে। তবে কী কারণে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সাগর খান ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। একই ঘটনায় আহত জাকারিয়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।









