সাংবাদিকতায় পেশাদারিত্ব ও জনআস্থা ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

সময়: 2:43 pm - October 1, 2026 |

মানব কথা ডেস্ক:

টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। সাক্ষাৎকালে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের দুঃসময়ে সাংবাদিকদের পাশে থাকার স্মৃতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি তাদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সাহচর্য, সমর্থন ও ভালোবাসা পেয়েছি।’ তিনি গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তিনি তাদের পাশে ছিলেন এবং সবসময় থাকবেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা গেলে দেশ আরও এগিয়ে যেতে পারত। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পরিহারের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না; এর পাশাপাশি গণমাধ্যমের গুণগত মান বজায় রাখতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নীতিনির্ধারকদের বড় পরিসরে, দীর্ঘমেয়াদে ও দূরদৃষ্টি দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।টেলিভিশন চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বিজেসির নেতৃবৃন্দ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা জানান, বিজেসি মূলত সম্প্রচার সাংবাদিকদের কল্যাণে কাজ করে। সাংবাদিকদের পেশাগত গুণগত মান বজায় রাখতে প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য সহায়তা, বীমাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের আয় বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন তিনি। সাক্ষাৎকালে বিজেসি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিল। এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর