গণমাধ্যম নিয়ন্ত্রণ বা লেখা বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইন হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী

সময়: 9:13 am - October 4, 2026 |

নেছার আহমদ :

গণমাধ্যমের লেখা বন্ধ বা সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের জন্য নয়, বরং দেশের জনগণকে সাইবার জগতের বিভিন্ন হয়রানি, অপতথ্য ও গুজব থেকে নিরাপদ রাখতেই এই আইন করা হচ্ছে। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  সাংবাদিকদের সুরক্ষায় আদালতের অনুমতি: মতবিনিময় সভায় সাইবার আইনের অপপ্রয়োগ নিয়ে সাংবাদিক নেতাদের উদ্বেগের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদের কারণে গণমাধ্যমকর্মীদের আইনের আওতায় আনার আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব এসেছে। সরকার এই বিষয়টি অত্যন্ত ইতিবাচক ও নমনীয়ভাবে বিবেচনা করছে এবং এটি কীভাবে আইনে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে কাজ চলছে।  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, গণমাধ্যমের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। তিনি বলেন, ‘গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে কোনো আইনের প্রয়োজন হয় না। বিগত আওয়ামী লীগ সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে গণমাধ্যমকে জালের মতো আটকে রেখে নিয়ন্ত্রণ করত। এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষ ও সাংবাদিকদের হেনস্তা করার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে অনেকে মারাত্মক মানসিক ট্রমার শিকার হচ্ছেন। এছাড়া ভুঁইফোড়দের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রকৃত সাংবাদিকরা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সরকার সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ করছে।  বৈঠকে নবম ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন এবং সাংবাদিকদের পেশাগত সংজ্ঞা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিক নেতাদের তাদের দাবি ও প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে।
Share Now

এই বিভাগের আরও খবর