দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, ছুটি পাবেন না যেসব কর্মী

সময়: 8:33 am - October 7, 2026 |

মানব কথা ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিন ছুটি থাকবে। এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে। প্রজ্ঞাপনে ছুটির আওতাবহির্ভূত জরুরি সেবাগুলোও স্পষ্ট করা হয়েছে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা তিন দিনের ছুটি পাবেন না। ছুটির আওতাবহির্ভূত সেবার মধ্যে রয়েছে—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতায় থাকবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে সুপ্রিম কোর্ট। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে

Share Now

এই বিভাগের আরও খবর