রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি, সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র

সময়: 6:23 am - October 8, 2026 |

কোর্ট রিপোর্টার:

নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারকার্য পরিচালনা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতের বেলায় সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের ঘটনা ঘটছে। এতে আদালত এলাকার সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় প্রত্যেককে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর