বাণিজ্য-ভিসা-জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বৈঠক

সময়: 8:02 am - October 8, 2026 |

মানব কথা ডেস্ক:

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এ সময় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা, বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুই দেশের মধ্যে মানুষের চলাচল বাড়লে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে বলে বৈঠকে মত দেওয়া হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়। শিক্ষা খাতে দুই দেশের মধ্যে সংযোগ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে গ্যাস ও তেলসহ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার পাশাপাশি বহুমাত্রিক সহযোগিতা জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত প্রকাশ করে। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর