ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর বৈঠক
বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গণপরিবহন খাতে বিদ্যমান নানা ধরনের বিশৃঙ্খলা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়। রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, গণপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজধানীর বিপুলসংখ্যক মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম গণপরিবহন। ফলে এ খাতের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।









