৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
মানব কথা ডেস্ক:
রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ সমাবেশ। শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ শুরু হবে বেলা ১১টায়। সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। ওই দিন বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের গত ৮ অক্টোবরের জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্ব পালনকারী এ বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেওয়ার পাশাপাশি অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা করেন। এ ছাড়া অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কার্যক্রমেও সহযোগিতা করেন তাঁরা। তবে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অপর্যাপ্ত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাঁদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন তাঁরা।
এ পরিস্থিতিতে ৭ নভেম্বরের সমাবেশকে ঘিরে গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত দাবিগুলো আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। তবে সমাবেশে এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।








