যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জড়িতদের কঠোর শাস্তির দাবি এমপি আখতারের

সময়: 8:21 am - October 10, 2026 |
মানব কথা ডেস্ক:

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁসের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, চাকরিতে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আখতার হোসেন বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার করে, চাকুরিরতদের চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” এর আগে শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়। এ পদে ২৪২টি শূন্য পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরীক্ষা স্থগিতের ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর