ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বড় শক্তি হবে দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

সময়: 9:08 am - October 10, 2026 |
মোঃসাব্বির আহমেদ:

ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; বরং জ্ঞান বিনিময়, দক্ষতা অর্জন এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম হাতিয়ার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ববি হাজ্জাজ বলেন, ভাষা মানুষের ভাব প্রকাশের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজে তার অবস্থান ও সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করে। একজন ব্যক্তি কতটা স্পষ্টভাবে কথা বলতে পারেন এবং নিজের চিন্তা অন্যের কাছে কতটা কার্যকরভাবে তুলে ধরতে পারেন, তা তাঁর শিক্ষাজীবন, কর্মজীবন ও পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তব জীবনে কার্যকর যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবেও ভাষাশিক্ষাকে গড়ে তুলতে হবে। চীনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার আকাঙ্ক্ষা বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। এ জন্য কারিগরি জ্ঞান, যোগাযোগ দক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের ভাষাশিক্ষায় অর্জিত সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর