জাপানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময়: 10:39 am - October 10, 2026 |
মানব কথা ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরে বিভিন্ন খাতে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারিত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।” প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের ধারাবাহিকতায় এ সফরেও বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিত্বকে গুরুত্ব দেবে। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সুনির্দিষ্ট খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতার অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। দেশটির বিনিয়োগে বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্প দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রেখেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান গত এপ্রিলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও স্থায়িত্ব মোকাবিলায় জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। হুমায়ুন কবিরের মতে, ওই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে জাপান সরকারের কাছে বাংলাদেশের প্রতি আস্থা বাড়াতে সহায়তা হয়েছে। আসন্ন সফরে বিভিন্ন খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে হুমায়ুন কবির জানান, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুবিধাজনক সময়ে খুব শিগগিরই তিনি সৌদি আরব সফর করবেন। সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। পবিত্র শহর মক্কা ও মদিনার সুরক্ষা নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদগুলোর সুরক্ষায় কোনো উদ্যোগে সহযোগিতা বা সহায়তা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

Share Now

এই বিভাগের আরও খবর