তুরস্ক সফর শেষে ঢাকায় ফিরলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
তুরস্ক সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে তাঁকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জামায়াত আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন। এর আগে গত ৭ অক্টোবর ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কার, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসেবে গত ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। বৈঠকে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এতে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যে সমৃদ্ধ। ভবিষ্যতে দুই দেশের এ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন জামায়াতে ইসলামীর আমির। এরপর রোববার সকালে দেশে ফেরেন তিনি।









