সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়াই অঙ্গীকার: প্রধানমন্ত্রী
মানব কথা ডেস্ক:
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। আগামীকাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের সনাতন ধর্মাবলম্বীদের উৎসবটি আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে উদ্যাপনের আহ্বান জানান তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টিকে লালন করার মধ্য দিয়ে সত্য ও সুন্দরের যে আরাধনা করা হয়, তা শারদীয় দুর্গোৎসবকে অনন্য তাৎপর্য দিয়েছে। তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করে আসছেন। এটিই দেশের আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার। তিনি বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্মীয় পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ তৈরি না করে, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তি আরও শক্তিশালী করে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ তিনি হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উৎসাহ-উদ্দীপনা ও নিশ্চিন্তে সারা দেশে দুর্গাপূজার উৎসব উদ্যাপনের আহ্বান জানান এবং তাঁদের আবারও শুভেচ্ছা জানান।









