শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ, আগামীকাল প্রতিমা বিসর্জন

সময়: 7:46 am - October 20, 2026 |

মানব কথা ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। উৎসবের এ গুরুত্বপূর্ণ তিথিতে পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর দেশের বিভিন্ন পূজামণ্ডপ। ভক্তদের পদচারণায় মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে মহানবমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে আসছে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ। মহানবমী উপলক্ষে আজ দেশের বিভিন্ন পূজামণ্ডপে নবমীর পূজা, হোম, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি। পূজা-অর্চনায় অংশ নিয়ে ভক্তরা দেশ, জাতি ও পরিবারের মঙ্গল কামনা করবেন। সনাতন ধর্মীয় শাস্ত্রীয় রীতি অনুযায়ী, দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটের এই বিশেষ সময়ে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। প্রচলিত রীতি অনুসারে, সন্ধিপূজায় ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মাধ্যমে দেবীর পূজা করা হয়। পুরাণের বর্ণনা অনুযায়ী, অসুরশক্তির বিনাশ ও শুভশক্তির প্রতিষ্ঠায় দেবী দুর্গার মহিষাসুরবধের কাহিনি দুর্গোৎসবের অন্যতম প্রধান তাৎপর্য। দেবীর চণ্ডী বা চামুণ্ডা রূপের আরাধনাও এ উৎসবের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ। মহানবমীর পূজা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে দেবীর বিদায় নিয়ে বিষাদের আবহ তৈরি হবে। আনন্দ, ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের শারদীয় দুর্গোৎসব। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসবের সমাপ্তি ঘটবে। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় আয়োজন।

Share Now

এই বিভাগের আরও খবর