ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান

সময়: 8:31 am - October 20, 2026 |
মানব কথা ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এটি তাঁদের দলীয় সিদ্ধান্তের বিষয়। পরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর চাওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ পরিস্থিতিতে ইশরাকের যা করা প্রয়োজন ছিল, তিনি তা করেছেন। সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো। জামায়াত আমির বলেন, ইশরাকের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে কিংবা কাউকে অস্ত্র তাক করে লক্ষ্য করলে, তাঁর উদ্দেশ্য ভালো হলেও অন্যরা সেটিকে খারাপ উদ্দেশ্যে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে। তিনি বলেন, বিষয়টি নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত। মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে জামায়াতে ইসলামী শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে চায়। তিনি বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এ থেকে সমাজকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমিরের বক্তব্য এবং মাদকবিরোধী অভিযানে তাঁর অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর