হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
মোঃ সাব্বির আহমেদ:
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৭ শিশুর শরীরে। এ ছাড়া ৪২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ শিশু। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ শিশুর শরীরে। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের নতুন রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৩৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা এ সংক্রমণে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে।









