আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি’—অভিযোগ গোলাম পরওয়ারের
মানব কথা ডেস্ক:
দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, শ্রমিকদের অসন্তোষ এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তিনি। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। আলোচনার মাধ্যমে সরকারের উচিত তাঁদের দাবি মেনে নেওয়া। সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম নিয়েও অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।’ বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, বিএনপি নিজেরাই তাদের ঘোষিত ৩১ দফা মানছে না। গোলাম পরওয়ার বলেন, ৩১ দফার নবম দফার বিপরীতে গিয়ে সরকার সব ক্ষেত্রেই দলীয়করণ করছে।
অনুষ্ঠানে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান ও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন। তবে দিল্লির সঙ্গে যোগাযোগ এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগের বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।









