৫১তম বিশেষ বিসিএসে ১৫ হাজারের বেশি আবেদন, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

সময়: 11:25 am - October 22, 2026 |

মানব কথা ডেস্ক:

৫১তম বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগের জন্য ১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। তবে আবেদনকারীদের অনেকে এখনো নির্ধারিত ফি জমা না দেওয়ায় চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আগামী ২৫ অক্টোবর এ বিসিএসের আবেদন গ্রহণ শেষ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এ বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। পিএসসির ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ১ অক্টোবর সকাল ১০টায়।

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে এবং নির্ধারিত নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম:

আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

ছবির ক্ষেত্রে:

  • দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে।
  • তিন মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে।
  • ছবিতে সানগ্লাস থাকা যাবে না।
  • ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে হবে।

স্বাক্ষরের ক্ষেত্রে:

  • দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে।
  • ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি) হতে হবে।

আবেদন ফি কত:

সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ মোট ২০৫ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। অন্যান্য নির্ধারিত চার্জসহ তাঁদের মোট ৫৫ টাকা জমা দিতে হবে।

ফি জমার শেষ সময় ২৮ অক্টোবর:

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা। এ সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তবে ফি জমা দেওয়ার পর আর কোনো সংশোধন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা এবং ফি জমা দেওয়ার বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর