গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন

সময়: 9:41 am - November 19, 2026 |

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ির সামনে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

পরে বাড়িতে পেট্রল ও অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার সময় বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উত্তেজনা ও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share Now

এই বিভাগের আরও খবর