চট্টগ্রাম বন্দরে বিক্ষোভের মুখে উপদেষ্টা সাখাওয়াত
মানব কথা: চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনের মধ্যে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বন্দরের ৪ নম্বরে ফটকের বাইরে তিনি আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন।
এদিন সকালে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর আসেন। বন্দরের ভেতর থেকে বের হওয়ার সময় ৪ নম্বর ফটকের বাইরে আন্দোলনরতরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এ সময় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, ৩২ বছর ধরে বন্দরে চাকরি করছি। এ রকম চেয়ারম্যান (বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান) দেখিনি। গত দেড় বছরে তিনি আমাদের নানাভাবে হয়রানি করেছে। দেখা করতে গেলে পারি না। আমরা চেয়ারম্যানের অপসারণ চাই।
এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, আপনাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলব। গত দেড় বছর আপনাদের সাথে কাজ করছি। আমি আপনাদের কথা শুনব। আপনাদেরও আমার কথা শুনতে হবে।
এরপর উপদেষ্টা বন্দর ভবনে যান এবং সেখানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
ইব্রাহীম খোকন গণমাধ্যমকে বলেন, আমরা উপদেষ্টাকে আমাদের দাবির কথা বলেছি। বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবি জানিয়েছি। তিনি আমাদের সাথে বৈঠক করবেন। লাগাতার কর্মবিরতির কারণে বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরে পুরোপুরি অচলাবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে বন্দর দিয়ে কোনো কনটেইনার বন্দরে প্রবেশ করেনি, জাহাজীকরণও হয়নি, পণ্য ডেলিভারিও বরাবরের মতো বন্ধ আছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে শনিবার থেকে কর্মবিরতি চলছে।
প্রথম তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর মঙ্গলবার থেকে আন্দোলনকারীরা অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন।
সূত্র: বিডি নিউজ















