জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া কিলোমিটার প্রতি বাড়লো ১১ পয়সা

সময়: 8:18 am - April 23, 2026 |

মানব কথা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। দূরপাল্লা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা সব রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী শেখ রবিউল আলম। আজ থেকেই নতুন এই ভাড়া কার্যকর হবে। মন্ত্রী জানান, ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে বর্ধিত এই ভাড়া প্রযোজ্য হবে না। তিনি আরও স্পষ্ট করেন যে, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসের ভাড়ার বিষয়টি পুনরায় বিবেচনা করে কমানো হবে। রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
•দূরপাল্লার বাস: বর্তমানে নির্ধারিত ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে কিলোমিটার প্রতি ভাড়া হবে ২ টাকা ২৩ পয়সা।
•মহানগরী (ঢাকা ও চট্টগ্রাম): বর্তমানে নির্ধারিত ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে কিলোমিটার প্রতি ভাড়া হবে ২ টাকা ৫৩ পয়সা।
এর আগে ২২ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ায় যন্ত্রাংশের উচ্চমূল্যের কারণে পরিবহন খাত চরম চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে খাতের স্থিতিশীলতা রক্ষায় ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর