পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি
মানব কথা: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-এর অবস্থান শক্তিশালী হওয়ার আভাস মিলছে। গত ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলেছে তারা।
ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৭টি এবং তৃণমূল কংগ্রেস ৭০টি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি।
তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল টিভিকে
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।
আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫৭ আসনে এবং তৃণমূল ১২৫ আসনে এগিয়ে আছে।
হিন্দুস্থান টাইমস ১৫০ আসনে বিজেপির এবং ১০৭ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। এনডিটিভি জানিয়েছে, বিজেপি ১৮৪ এবং তৃণমূল ১০৭ আসনে এগিয়ে রয়েছে। বিবিসি বাংলা বলছে, বিজেপি ১৫০ এবং তৃণমূল ১২৫ আসনে এগিয়ে আছে।
এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।
সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।















