আগে সবাই আওয়ামী লীগার ছিল, এখন দেখি কেউই করে না:সাকিব আল হাসান

সময়: 12:33 pm - May 12, 2026 |

মানব কথা: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘সিম্পলি সাঈদ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে সাকিব বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন প্রচলিত ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন তিনি।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরেননি সাকিব। ভবিষ্যতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।

নির্বাচনে অংশ নেওয়ার পেছনে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা কাজ করেছিল কি না এমন প্রশ্নের উত্তরে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই ক্রিকেটার। তিনি বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম। তার এই বক্তব্যে নিজের শেকড় এবং এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে আসে।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। তার সাম্প্রতিক এই সাক্ষাৎকার নতুন করে সেই আলোচনা আরও জোরালো করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর