‘শাপলা গণহত্যার জবাবদিহিতা হলে জুলাই ঘটত না’: নাহিদ ইসলাম
মানব কথা: শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে পরবর্তীতে জুলাই গণহত্যা ঘটত না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। ওই ঘটনার পর যথাযথ বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কোনো গণহত্যার সাহস কেউ পেত না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সে সময় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ছিল না। বিশেষ করে বিএনপির ভূমিকা নিয়েও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ঘটনার সময় কিছু গণমাধ্যম ভিকটিমদের অপরাধী হিসেবে উপস্থাপন করেছিল, যা ইতিহাসে রয়ে গেছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের জঙ্গি হিসেবে দেখার প্রবণতা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন গণআন্দোলনে মাদ্রাসার ছাত্র ও আলেম-ওলামাদের অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করে এনসিপি আহ্বায়ক বলেন, গুম, মানবতাবিরোধী অপরাধসহ সব ঘটনার বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।
ভারত প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, সীমান্তে হত্যা ও কাঁটাতার বসানোর মতো ঘটনা চলতে থাকলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।










