একনেকে অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প

সময়: 10:31 am - May 13, 2026 |

মানব কথা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একনেক সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১১ নম্বর কার্যতালিকায় থাকা পদ্মা ব্যারেজ প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। এতে লবণাক্ততা কমবে, নদীগুলো পুনরুজ্জীবিত হবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট ব্যয় ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এর মূল লক্ষ্য হলো শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা।বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যার ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা ও নদী শুকিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ফলে এই প্রকল্প বাস্তবায়ন ঘিরে ভূ-রাজনৈতিক জটিলতাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার আশা করছে, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের নদী ব্যবস্থা, কৃষি উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্যে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।

Share Now

এই বিভাগের আরও খবর