ইরান ইস্যুতে বেইজিংয়ের মধ্যস্থতার প্রয়োজন নেই : সাফ কথা ট্রাম্পের

সময়: 9:19 am - May 13, 2026 |

মানব কথা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধ করতে তার চীনের সহায়তার প্রয়োজন নেই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র নিজেরাই এই সংকট মোকাবিলা করতে সক্ষম।

মঙ্গলবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে আমাদের কোনো সাহায্য লাগবে বলে আমি মনে করি না। আমরা একভাবে না একভাবে এটি শেষ করব; শান্তিপূর্ণভাবে অথবা অন্যভাবে।

এক মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী কোনো সমঝোতা হয়নি।

এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, গত মাসে মার্কিন ও চীনা কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনায় উভয় পক্ষ একমত হয়েছিল যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো দেশের টোল আদায় করা উচিত নয়।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। তবে সাম্প্রতিক সময়ে ইরান ওই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের তথ্যমতে, ইরান ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে পারস্য উপসাগর থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে চুক্তি করেছে। আরও কয়েকটি দেশ একই ধরনের সমঝোতার সম্ভাবনা যাচাই করছে।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে ট্রাম্প চীনকে ইরানের ওপর প্রভাব খাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে উৎসাহিত করতে পারেন।

যুক্তরাষ্ট্রের দাবি, শান্তিচুক্তির অংশ হিসেবে ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে এবং হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কমাতে হবে।

অন্যদিকে ইরান বলেছে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে হবে এবং লেবাননসহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে।

সোমবার ইরানের এসব দাবিকে ‘আবর্জনা’ বলে উড়িয়ে দেন ট্রাম্প।

Share Now

এই বিভাগের আরও খবর