ঐক্যবদ্ধ থাকলে সামাজিক সংকট মোকাবিলা সম্ভব: তথ্যমন্ত্রী
মানব কথা: দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর সৌজন্যে আয়োজিত ‘ইসলামিক প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের রাজনীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনও বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, একসময় মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয়—টুপি, দাড়ি বা নামাজ আদায়ের মতো বিষয়ও সন্দেহের চোখে দেখা হতো, যা দেশের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতির পরিপন্থী। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য বজায় রেখেছে। ইসলামসহ সব ধর্মই পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি অভিযোগ করে বলেন, অতীতে গণবিচ্ছিন্ন শাসনব্যবস্থা জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় বিভাজনের অপচেষ্টা চালানো হয়েছিল। ইসলামিক প্রতিযোগিতার আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা ও নৈতিক বিকাশে সহায়ক হবে এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক, হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ স্থানীয় আলেম, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।










