ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মানব কথা:দেশের ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (১৩ মে) ডিপিই’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে ডিপিই। তবে দেশের অনেক বিদ্যালয়ে নানা অবকাঠামোগত ঝুঁকি থাকা সত্ত্বেও এখনো পাঠদান কার্যক্রম চালু রয়েছে। নির্দেশনায় বলা হয়, যেসব বিদ্যালয় ভবন অত্যন্ত পুরোনো, ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে, প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে কিংবা ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে— সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া কমিটির মাধ্যমে অকেজো ঘোষিত ভবনও এ তালিকায় অন্তর্ভুক্ত হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব বিদ্যালয়ে এখনো টিনশেড বা অস্থায়ী কক্ষে পাঠদান চলছে, সেগুলোকেও নতুন ভবন নির্মাণের জন্য রিপ্লেসমেন্ট তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জেলা ভিত্তিক এসব তথ্য জরুরিভাবে পাঠাতে হবে। আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।











