ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যে কোনো দিন ট্রাইব্যুনালের রায়
মানব কথা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলার রায় যে কোনো দিন ঘোষণা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষ সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করে।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ থেকে ৭ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি ও প্ররোচনা দিয়েছেন ইনু। তার প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তৎকালীন সরকার বিভিন্ন ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে বলেও অভিযোগ করা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা হিসেবে সংঘটিত অপরাধের ক্ষেত্রে তার ওপর ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বর্তায় বলে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন।মামলার কার্যক্রমে গত বছরের ১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ট্রাইব্যুনালে আটটি অভিযোগ দাখিল করলে শুনানি শেষে আদালত তা আমলে নেয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। পরে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।









